Published : 18 Jan 2024, 01:10 PM
বিশ্ব নদী দিবস উপলক্ষে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করেছে নদী বিষয়ক সংগঠন নোঙর। ঢাকায় শিশু একাডেমিতে শুক্রবার বিকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বলে সংগঠনটি এক বিজ্ঞিপ্তিতে জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ বলেন, “বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।”
নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নোঙরের চেয়ারম্যান সুমন শামস বলেন, আগামী প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে নদী ও প্রাণ-প্রকৃতি নিয়ে সচেতনতা বাড়াতে নদী দিবস উদযাপনের মাসে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার উদযাপন করা হয় বিশ্ব নদী দিবস। এবার সেই দিবস উপলক্ষে শিশু একাডেমির সহযোগিতায় ‘নদী একটি জীবন্ত সত্তা’ থিম নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রোববার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃতও করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)