১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিপাবলিকান নেতাদের বাংলাদেশ সফরে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা

ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করতে চাওয়ার কথাও বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 12:51 AM

Updated : 26 Aug 2026, 10:57 AM

নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা মুহম্মাদ ইউনূস। 

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে তাদের ঢাকা আসতে বলবেন প্রধান উপদেষ্টা।

ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় এদিন ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইআরআইয়ের আঞ্চলিক প্রধান স্টিভ চিমারের নেতৃত্বে কর্মকর্তারা চলমান সফরের সময় রাজনীতিবিদ, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত ‘থিংক ট্যাংক’ আইআরআই বিশ্বব্যাপী গণতন্ত্র উন্নয়নের জন্য কাজ করে।

ইউনূসের সঙ্গে বৈঠকে চিমা বলেন, “আইআরআই এর অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের অধীনে, আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে। এখানে সংস্কার সফল হতে দেখা মার্কিন স্বার্থে।”

প্রধান উপদেষ্টা বলেন, “সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। নির্বাচনের জন্য ট্রেন ইতোমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে।”

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করতে চাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন।”

বৈঠকে আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই কান্ট্রি চিফ জোশুয়া রোসেম্বলাম এবং জ্যেষ্ঠ সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।