১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শাহজালালের থার্ড টার্মিনাল নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 01:35 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা শুরু হয় রোববার দুপুরে; এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত রয়েছেন।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানও বৈঠকে আছেন।

বৈঠকে উপস্থিত থাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)  একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “বৈঠকে থার্ড টার্মিনালের অগ্রগতি এবং কীভাবে দ্রুততম সময়ে চালু করা যায়, সেটি নিয়ে আলোচনা হতে পারে।”

২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।

২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। কিন্তু তা আর হয়নি।

অন্তর্বর্তী সরকারও দফায়-দফায় চেষ্টা করেও শেষ পর্যন্ত থার্ড টার্মিনাল চালু হয়নি। মূলত ‘গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অপারেশনের বিষয়ে’ সিদ্ধান্তে না পৌঁছাতে পারা এবং টার্মিনাল ভবনের ভেতরে কিছু কাজের কারিগরি ত্রুটির জন্যই এই টার্মিনাল চালু করা সম্ভব হয়নি।

শাহজালালের থার্ড টার্মিনাল এ বছরই চালুর তোড়জোড়