১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু

তিনি মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি ছিলেন।

কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 12:30 AM

Updated : 13 Oct 2026, 12:30 AM

ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক বন্দি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আকাশ বিশ্বাস (২৪) নামের এ কয়েদি গত ৬ অক্টোবর রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি যশোরের কোতোয়ালি থানার পূর্ব বারান্দীপাড়ার আব্দুল গফুর বিশ্বাসের ছেলে।

কারারক্ষী সুজন মাহমুদ বলেন, আকাশ মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার বিকালের দিকে তার মৃত্যু হয়।

তবে কী মামলায় তিনি কারাবন্দি ছিলেন তা বলতে পারেননি এই কারারক্ষী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।