২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

তুরাগে বাইকের ধাক্কায় প্রাণ গেল একজনের

এ পোশাককর্মী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 10:52 AM

Updated : 24 Sep 2026, 10:52 AM

ঢাকার তুরাগে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় হাসান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নলভোগ কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৪৮ বছর বয়সি হাসান একটি পোশাক কারখানায় লেবেল অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি উত্তরার নলভোগ এলাকায় থাকতেন। হাসান পিরোজপুর সদরের উদয়কাঠি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

হাসানকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট কবির হোসেন জানান, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দ্রুত গতিতে আসা মোটরসাইকেল হাসানকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।