Published : 09 Feb 2026, 09:04 PM
অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করা উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটা আমরা পাবলিক করব।”
সংবাদ সম্মেলনের আগে দশম বিশেষ বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ।
২০২৪ সালের অগাস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। যদিও অন্তর্বর্তী সরকারের মেয়াদ ফুরিয়ে এলেও এখনো সেটি প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন।
তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। বিপ্লবোত্তর সময়ে, আমরা বলব অধ্যাপক ইউনূসের লিডারশিপের কারণে দেশ ভয়ানক রকমের বিপর্যয় থেকে উদ্ধার হয়েছে।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।