১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর সাজা

২০১৩ সালের অক্টোবরে বোমাবাজির ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2023, 04:36 PM

Updated : 21 Aug 2023, 04:36 PM

দশম সংসদ নির্বাচনের আগে হরতালের মধ্যে নাশকতার এক মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার দ্বিতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- দিদার হোসেন সজীব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। এদিন তারা আদালতে উপস্থিত হলেও রায় ঘোষণার আগেই চলে যান। পরে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

দণ্ডিত অপর চার আসামি মামলার শুরু থেকেই পলাতক বলে জানান এ আদালতের পেশকার  মাসুদ পারভেজ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের হরতাল চলাকালে জামায়াত-শিবিরের ২০/২৫ জন কর্মী মিছিল বের করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজ উদ্দিন সরণিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই আবদুল মালেক দ্রুত বিচার আইনে এ মামলা করেন। তদন্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।

এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নিয়ে সোমবার রায় দিল আদালত।