১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুলিশের 'সাইবার ইউনিট' গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযানের স্বচ্ছতা বাড়াতে ‘বডিওর্ন ক্যামেরার’ ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 03:44 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংঘঠিত অপরাধ প্রতিরোধে সরকার ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নতুন দুটি পুলিশ প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

রোববার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আধুনিক তথ্য প্রযুক্তির যুগে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন এসেছে। সেজন্য সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়ায় গুজব এবং অপপ্রচার প্রতিরোধে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে।"

পুলিশের পেশাদারিত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, "এর মধ্যে একটি হবে এলিট ফোর্সের জন্য; আরেকটি সাধারণ বাহিনীর জন্য।"

এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আলাদা আইন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই মন্তব্য করে তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন রক্ষায় কোনো আপস করা হবে না।"

অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

"জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে কৌশলী হতে হবে, তবে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।"

কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "জমি পাওয়া সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ 'পুলিশ স্পোর্টস কমপ্লেক্স' নির্মাণ করা হবে।"

মন্ত্রী পুলিশের সেবার মানোন্নয়নে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অনলাইন জিডিসহ সব ধরনের সেবা দ্রুততম সময়ে দেওয়ার নির্দেশ দেন।