Published : 15 Oct 2025, 11:39 AM
রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজারের ঢুকিয়ে রাখার অভিযোগে স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গত সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকায় একটি বাসার ফ্রিজারের ভেতর থেকে তাসলিমা আক্তার ৪২ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। ওই ঘটনায় তার স্বামী নজরুল ইসলামকে সন্দেহ করছিল পুলিশ।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ওই দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। রোববার রাতে দুই মেয়ে আলাদা ঘরে ঘুমিয়েছিল। সকালে উঠে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, তাদের মা ‘আরেকজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছেন’।
এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন। কিন্তু মেয়েরা ফোনে মা বা বাবাকে না পাওয়ায় তাদের সন্দেহ হয়। তখন তারা মামাদের বিষয়টি জানায়।
পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ সেই বাসায় গিয়ে ফ্রিজারের ভেতরে তাসলিমার লাশ পায়। নিহতের শরীরে জখমের চিহ্ন ছিল।
তাসলিমার ভাইয়েরা পুলিশকে বলেছেন, নজরুল এক সময় কাপড়ের ব্যবসা করলেও এখন কিছুই করেন না। সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে দশ কাঠার একটি জমি পেতে তাসলিমাকে ‘চাপ দিচ্ছিলেন’ তিনি।