১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী

এ নিয়োগ দেশের প্রশাসনিক ইতিহাসে একটি ‘তাৎপর্যপূর্ণ’ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, বলেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী
মুহিববুল্লাহিল বাকী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 12:28 AM

Updated : 26 Aug 2026, 03:40 PM

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম ও ইসলামি চিন্তাবিদ মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

জাতীয় মসজিদের এই ইমামকে সচিব পদমর্যাদায় (গ্রেড ১) এ পদে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এ নিয়োগ দেশের প্রশাসনিক ইতিহাসে একটি ‘তাৎপর্যপূর্ণ’ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে তুলে ধরে শুক্রবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই প্রথম কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমামকে প্রশাসনিক উচ্চ পদে দায়িত্ব দেওয়া হল।”

মুহিববুল্লাহিল বাকীকে গুরুত্বপূর্ণ এ ধর্মীয় প্রতিষ্ঠানটির প্রশাসনিক শীর্ষ পদের দায়িত্ব দেওয়াকে ‘দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত’ বলেও বর্ণনা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হলেন তিনি। ছালাম খান ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে এ দায়িত্বে ছিলেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “মুহিববুল্লাহিল বাকীকে অন্যান্য পেশাগত বা প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা পরিত্যাগের শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

“জনস্বার্থে এ আদেশ জারি করা হল।”

মুহিববুল্লাহিল বাকী শিক্ষাজীবনে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন।

কওমি শিক্ষায় দাওরায়ে হাদিস ও আলিয়া শিক্ষায় কামিল ডিগ্রি অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন মুহিববুল্লাহিল বাকী। 

তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের দারুল মারিফ ও দারুল উলুম মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইমামের দায়িত্ব পালন করেছেন। 

সর্বশেষ মুহিববুল্লাহিল বাকী ‘সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ’ এর মহাসচিবের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক পিএলসির ইসলামী উইংয়ের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন।