২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পরীমনি সময় মতো আদালতে আসেননি, পেছাল জেরার দিন

“সব মামলার শুনানি শেষ হয়ে যায়, আসামিরাও চলে যায়; এজন্য আজ জেরা হয়নি।”

পরীমনি সময় মতো আদালতে আসেননি, পেছাল জেরার দিন
নির্ধারিত সময়ের পর আদালত প্রাঙ্গণে পৌঁছিয়ে কথা বলেন চিত্রনায়িকা পরীমনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 02:45 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় পরীমনি সময় মতো আদালতে পৌঁছাতে না পারায় জেরার দিন পিছিয়েছে।

রোববার ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন জেরার জন্য ৩০ নভেম্বর নতুন দিন রেখেছেন।

এদিন সকাল ১১ টার দিকে চিত্রনায়িকার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে বলেন, “পরীমনি আদালতে আসবেন। ১২টার দিকে যেন জেরার জন্য রাখা হয়।”

সেই অনুযায়ী পরীমনিকে জেরার জন্য দুপুর ১২টার সময় রাখে আদালত। সময় হলে দুই দফা ডাকা হয় পরীমনিকে। তবে তিনি পৌঁছাতে পারেননি।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “পরীমনি যানজটের কারণে ১২টায় আদালতে এসে পৌঁছাতে পারেননি। এদিকে সব মামলার শুনানি শেষ হয়ে যায়। আসামিরাও চলে যায়। 

“এজন্য আজ জেরা হয়নি। আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন রাখা হয়েছে।”

পরে আদালত প্রাঙ্গণে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিত্রনায়িকা পরীমনি।

মামলার আসামি হলেন, নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে আছেন। এদিন শহীদুল আলম আদালতে হাজির না হয়ে সময় সময় আবেদন আদালত তা মঞ্জুর করেন। অপর দুই আসামি আদালতে হাজিরা দেন।

পরীমনি ঢাকার পাশের বিরুলিয়ায় তুরাগ তীরে বোট ক্লাবে ২০২১ সালের ৮ জুন হেনস্তার শিকার হন বলে অভিযোগ তোলার পর তা নিয়ে তখন শোরগোল পড়ে যায়।

১৩ জুন রাতে পরীমনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

এই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পর গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরীমনি। পরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন এ চিত্রনায়িকা।

মামলা দায়েরের পরই রাজধানীর উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির ও অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। পরের বছরের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ওই বছরের ২৯ নভেম্বর সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমনি, তবে এখনো তা শেষ হয়নি। পরীমনির মামলার বিচার চলছে রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়ালে)।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতির ২০১৫ সালে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরীমনি নামে। এরপর দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ণ করেছেন তিনি।