Published : 03 Aug 2025, 04:18 PM
ঢাকায় একযোগে কাছাকাছি তিনটি স্থানে সমাবেশ ও অনুষ্ঠান ঘিরে শাহবাগকেন্দ্রিক যান চলাচল বন্ধ করে দেওয়ায় আশপাশের সড়কে যানবাহনের চাপ বেড়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু সড়কে জটলা তৈরি হয়েছে, বিকাল নাগাদ এই যানজট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ ঘিরে ছাত্রদলের বিপুল নেতাকর্মী জমায়েত হয়েছেন। দুপুরে আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাসে এবং পায়ে হেঁটে শাহবাগ মোড়ে আসতে দেখা গেছে তাদের।
বিকাল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ ঘিরে জনসমাগম বাড়ছে।
এছাড়া সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর। ‘জুলাই জাগরণ’ শীর্ষক তাদের চার দিনের এই কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই।
এর ফলে শাহবাগ মোড়ের চারপাশের সড়কে ডাইভারশন করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, “সকাল সাড়ে ১০টা থেকেই আমরা ডাইভারশন শুরু করেছি। এর ফলে আশে-পাশের সড়কে চাপ আছে, তবে যানবাহন চলছে। এতবড় কয়েকটা কর্মসূচি একই জায়গায়, এর ফলে চাপতো কিছুটা পড়বেই।”

সড়কে যান চলাচল ‘যতটা সম্ভব’ স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ ‘সর্বোচ্চ চেষ্টা’ করছে, বলেন তিনি।
পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে গুলিস্তান থেকে কাকরাইল মোড়মুখী সড়কে যানজট তৈরি হয়েছে।
পল্টন মোড়ে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিস্তান-পল্টন থেকে শাহবাগ-সায়েন্সল্যাব ও বাংলামোটরমুখী সকল যানবাহনকেই কাকরাইলের দিক দিয়ে পাঠানো হচ্ছে। এর ফলে চাপতো বাড়বেই। অফিস শেষ হলে এ চাপ আরও বাড়বে।”
শাহবাগ-শহীদ মিনারের সমাবেশে আগতদের যানবাহনগুলো মৎস্যভবন, কাঁটাবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের আশে-পাশের সড়কে রাখার ফলে এই জটলা আরও বেড়েছে।
দুপুর নাগাদ বিজয় সরণি, ফার্মগেট হয়ে কারওয়ানবাজার সড়কেও যানজট দেখা গেছে। পল্টন কাকরাইল হয়ে যানজট ছড়িয়ে পড়েছে মৌচাক-মগবাজার এলাকায়ও।
অপরদিকে সায়েন্সল্যাবরেটরি, নিউমার্কেট এলাকার জটলা ছড়িয়েছে কলাবাগান-ধানমন্ডি এলাকায়।
পল্টন এলাকা থেকে বাড্ডা যেতে গাড়ির জন্য অপেক্ষমান রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড্ডা যাবো, বাস আসছে ঠিকই, বাসে প্রচুর ভিড়। ভিড় ঠেলে বাসে উঠলেও দাড়িয়েই থাকে হবে। বাসতো চলছে না।”
সাভার পরিবহনের একটি বাসের চালকের সহকারী শাকিল বলেন, “গুলিস্তান থেকে জ্যাম ঠেলে এ পর্যন্ত আসছি। সামনে রাস্তার যে অবস্থা, আজকে যাইতে কতোক্ষণ লাগে ঠিক নাই।”
তবে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলছেন, আগে থেকে গণবিজ্ঞপ্তি দেওয়ার কারণে মানুষের ‘অপ্রয়োজনীয় চলাচল’ কম থাকায় এখনও সড়কে ‘তেমন চাপ’ পড়েনি।
তিনি বলেন, “সড়কে যানবাহন চলার মধ্যে আছে। আমরা এখনও তেমন চাপ অনুভব করছি না। কোথাও জটলা হলে সেটি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে।”
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়ক
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহনকে টেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।
কাটাবন মোড়: সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
মৎস্য ভবন মোড়: হাই কোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা যানবাহনসমূহ মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।
অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাই কোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।
টিএসসি/রাজু ভাস্কর্য: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।
এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করেছে পুলিশ।
এ কারণে ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হতে অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।