১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে কারো সঙ্গে তুলনা করলে ভবিষ্যতে উত্তর দিতে পারবেন না: ফজলুর

“কোনো কারণেই মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 01:00 AM

Updated : 11 Sep 2026, 03:30 PM

মুক্তিযোদ্ধাদের ভাতা ‘এক টাকা হলেও’ বাড়ানোর দাবি তুলেছেন ফজলুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, “আমি আজ বলছি, এক টাকা হলেও মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়াতে হবে। না হলে কোনোদিন উত্তর দিতে পারবেন না।”

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে নির্বাচিত এই সদস্য বলেন, “জুলাই অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা ২০ হাজার টাকা, ঠিক আছে।

“কিন্ত কোনো কারণেই মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কারো ভাতার তুলনা হতে পারে না।”

বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে তাদের বলতে হয়েছে, তারা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের দল।

তিনি বলেন, “অন্তত ৯৯ শতাংশ মেম্বার বিএনপির যারা হয়েছেন, তাদের প্রত্যেককেই শেষ পর্যন্ত বলতে হয়েছে, আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল।”

ফুটবলের বিরোধিতা করায় ক্ষোভ

সংস্কৃতির চর্চা নিয়ে সংকীর্ণতার সমালোচনা করে ফজলুর বলেন, গ্রামে গ্রামে নাটক, যাত্রাগান, বাউল গান ও খেলাধুলা ছিল মানুষের জীবনের অংশ।

কারো নাম না নিয়ে তিনি বলেন, “নাটক তাদের পছন্দ নয়, ফুটবল খেলা তাদের পছন্দ নয়। এখন দেখতেছি বলতেছে, ফুটবল খেলা যারা দেখবে, এরা কাফের। আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না।”

তিনি বলেন, “তারা আমাদেরকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। সেই বর্বরতার দিকে কি আমরা যাব?”

সংসদে রাজনৈতিক সমঝোতার প্রবণতার দিকে ইঙ্গিত করে ফজলুর বলেন, “ফ্রেন্ডলি গেম হলে প্রথমে একদিন খেলা দেখতে যাবেন। কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম দেখতে যাবেন না। পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা কিন্তু কিছুদিন পরে মাঠ খালি পড়ে থাকবে।”