০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মেনন ৫ দিনের রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার হাসান

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 12:28 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

জুলাই আন্দোলন ঘিরে শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে একই আদালত। 

ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পিবিআইয়ের এসআই আমিরুল ইসলাম মীর এবং তেজগাঁও থানা পুলিশ 

শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

সকালে মামলার শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। 

আদালত প্রথমে সাবেক ওসি আবুল হাসান এবং যুব মহিলা লীগ নেত্রী শামীমাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর শুনানি হয় মেননের রিমান্ডের আবেদনের ওপরে।  

রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মেননের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক এসব তথ্য জানিয়েছেন। 

শাহবাহ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর।  ওইদিন বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওমর। 

চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্টে মারা যান তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।