Published : 02 Aug 2026, 09:34 AM
শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের তালে হাঁটার ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়া শিক্ষিকা বিউটি রাণী পালের প্রতি সংহতি জানিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’।
সংগঠনটির কয়েকজন সদস্য জনপ্রিয় গানটি দিয়ে একটি ভিডিও বানিয়েছেন, যেখানে তাদের তাল মেলাতে দেখা গেছে। নারী শিক্ষকদের কেউ ওড়না, কেউবা শাড়ির আঁচল উড়িয়েছেন গানটির তালে। পুরুষ শিক্ষকরাও করেছেন নানা কসরত।
শুক্রবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য অধ্যাপক গীতি আরা নাসরিন তার ফেইসবুক পেইজ ভিডিওটি পোস্ট করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ অধ্যাপক লিখেছেন, “সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি রিল ভিডিওকে নিয়ে অযাচিত সমালোচনার প্রতিবাদে যেভাবে দেশের বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে নানা পেশার মানুষ রিল বা ভিডিও বানিয়ে ফেইসবুকে প্রচার করেছেন, তা একটি অভিনব সংহতির প্রকাশ।
“তার সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এর সংহতি। শ্রাবণের মেঘগুলো জড়ো হয়ে বারবার এমন অঝোর ধারায় নামুক।”
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল একটি গানের সঙ্গে মিলিয়ে রিল ভিডিও পোস্ট করেন।
গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছেন। ভিডিওটির সঙ্গে যুক্ত ছিল নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘ডিফারেন্ট টাচের’ মেজবাহ রহমানের গাওয়া ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের একটি অংশ।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিউটি রাণী পালকে নিয়ে সমালোচনা ও ট্রলের ঝড় ওঠে। তবে এর প্রতিবাদে অনেক নারী এগিয়ে এসে বিউটি রাণীর পক্ষে সমর্থন ও সংহতি জানিয়ে একই ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করছেন এবং সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন।
সমালোচনার মুখে পড়ার পর পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশবাসী, পরিবার এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল।