Published : 23 Apr 2026, 06:42 PM
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ২৬ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, বৃহস্পতিবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।
দ্বিতীয় দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে।
দাখিলের আরবি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তরফে এসব এসব বোর্ডের অধীনে এদিনের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য দেওয়া হয়।
পরীক্ষা ব্যবস্থাপনায় ‘ব্যাপক কড়াকড়ি’ এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে নকল ও অসদুপায় অবলম্বন করায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছয়জন এসএসসি পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের তিনজন দাখিল পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১০ জন পরীক্ষার্থী রয়েছেন৷
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৩১৬ জন৷
এরমধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯৪ হাজার ৬৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৭৩৪ জন অংশগ্রহণ করেন। এখানে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৩৬ জন।
এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩০ হাজার ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৩৬ জন অনুপস্থিত ছিলেন। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৬৫ জন অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কৃত হয়েছেন দুইজন।
যশোর বোর্ডের ১ লাখ ১১ হাজার ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৮২ জন এবং বহিষ্কৃত হয়েছেন দুইজন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২২ জন অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কৃত হয়েছেন একজন পরীক্ষার্থী
সিলেট বোর্ডে ৭০ হাজার ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭০৬ জন এবং বরিশাল বোর্ডের ৬৫ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৯৮০ জন পরীক্ষার্থী।
এছাড়া দিনাজপুর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩০১ জন এবং বহিষ্কৃত হয়েছেন ১ জন পরীক্ষার্থী। আর ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৮৮ জন।
এদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১৫০ জন।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। মোট ১ লাখ ২০ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩৯৯ জন।