২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

পানি সম্পদমন্ত্রীর কাছে দুর্নীতির অভিযোগ তুলে ধরল দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটি

বন্যা কবলিত এলাকায় পানি সংকটের টেকসই সহজ সমাধান সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দিয়েছে তারা।

পানি সম্পদমন্ত্রীর কাছে দুর্নীতির অভিযোগ তুলে ধরল দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটি
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির কাছে তার মন্ত্রণালয়ের বিগত দিনের দুর্নীতির লিখিত অভিযোগ দিয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 09:25 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

পানিসম্পদ মন্ত্রণালয়ের বিগত দিনের দুর্নীতির তথ্য-প্রমাণ ও বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ মন্ত্রীর কাছে তুলে ধরেছে নাগরিক সংগঠন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি সহনীয় পর্যায়ে আনার অঙ্গীকার করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; সেজন্য দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটিসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। 

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত দিনের দুর্নীতির তথ্য-প্রমাণ তুলে ধরেন।

হাওরে বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি, পাবনা পানি উন্নয়ন বোর্ডে কাজ না করেই টাকা ‘হরিলুট’, বগুড়ায় ‘শত শত কোটি টাকার দুর্নীতি’, মেগা প্রকল্পে-‘মেগা দুর্নীতি’, ১১টি ঠিকাদারি প্রতিষ্ঠানের ‘দুর্নীতি’, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব নাজমুল আহসানের ‘দুর্নীতি, স্বজনপ্রীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন’, বিশুদ্ধ ও সুপেয় পানি তহবিলের ২৬ শতাংশ অর্থের ‘অপচয়ের’ লিখিত অভিযোগ উপস্থাপন করেন তিনি।

এছাড়া দেশের খরা ও বন্যা কবলিত এলাকায় পানি সংকটের টেকসই সহজ সমাধান সম্পর্কিত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন সারোয়ার ওয়াদুদ।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্ত্রণালয়ের দুর্নীতি নির্মূলে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান। 

দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি প্রতিনিধি দলে ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ কাইয়ুম রেজা চৌধুরী, জমিরুল আকতার, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর নুরুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হক তালুকদার, মওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী লুৎফর রহমান।