১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

শিক্ষা বোর্ডগুলো ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 09:50 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

এর আগে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসএসসির ফরম পূরণ বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়। 

দেশের অন্য সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও একই সময়ে নির্বাচনি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুলগুলোর নির্বাচনি পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হয়ে ফল প্রকাশ হবে। ১৬ নভেম্বর থেকে একযোগে সব বোর্ডের ফরম পূরণ শুরুর পরিকল্পনা করা হয়েছে।”

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরুর ঘোষণা দেওয়া হলেও পরীক্ষার্থীদের যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে সে সিদ্ধান্ত থেকে সরে শিক্ষা বোর্ডগুলো।

এখন বোর্ডগুলো রমজান ও ঈদুল ফিতরের পর ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। 

গেল ২৪ অগাস্ট পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। 

বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনি পরীক্ষা নিয়ে ১৮ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে।

তবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা ওই বিজ্ঞপ্তিতে নতুন সময়সীমা দেওয়া হল।

বোর্ড বলেছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের পূর্ণাঙ্গ সূচিসহ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।