১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ওসি আমিরুল ইসলাম বলেন, “নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 11:32 AM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার সাড়ে তিনটার দিকে বড় গ্রাম মাতাব্বর বাজার আশরাফাবাদ হাই স্কুলের সামনে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম।

নিহত ২৫ বছর বয়সী রকি নামের ওই যুবক স্থানীয় একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন; তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। বর্তমান কামরাঙ্গিরচর চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় বসবাস করতেন তিনি।

রকিকে ছুরিকাঘাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর  চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

তিনি বলেন, “ওই যুবকের দুই পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রানা বলেছেন, আশরাফাবাদ হাইস্কুলের সামনে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা তিনি দেখেননি।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, “নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। ঘটনার সময় তার সঙ্গে এক বন্ধু ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। কিন্তু ঘটনার পর থেকে তার ওই বন্ধু পলাতক রয়েছে।”

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি আমিরুল ইসলাম।