Published : 01 Jun 2026, 11:32 AM
ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে অফিস-আদালত; কর্মচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে।
তবে ছুটির পর সোমবার প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় সেরেছেন, করেছেন কোলাকুলিও।
সকাল সোয়া ৯টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন থেকে দেশের সকল আর্থিক খাতের প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও পুঁজিবাজারও চালু হয়েছে; একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হয়েছে।
সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আর্থিক প্রতিষ্ঠান ও আদালতে বন্ধ শুরু হয় গত ২৫ মে থেকে; ছুটি শেষে ১ জুন ব্যাংক ও অফিস-আদালত খুলবে বলে আগেই প্রজ্ঞাপনে জানিয়েছিল সরকার।

তবে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতে কর্মরতদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা ছিল।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথগুলোয় আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা ছিল।

ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রোববার সরকারি অফিস, আদালাত ও সব ব্যাংকের সকল শাখা খোলা ছিল। তখনও রুটিন কাজের বাইরে ছুটি ছুটি আমেজ ছিল বিভিন্ন দপ্তরে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকে।