২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা, গোপালগঞ্জসহ ২৫ জেলায় নতুন ডিসি

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

ঢাকা, গোপালগঞ্জসহ ২৫ জেলায় নতুন ডিসি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 03:12 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

ঢাকা, সিলেট, বগুড়া ও গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসিদের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়। 

শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ অগাস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছিল। তার ২০ দিনের মাথায় ২৫ জেলায় নতুন ডিসি দিল সরকার। 

জেলাগুলো হল- ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর,  কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।

এই বদলির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা হয়েছেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট; আর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।

প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করে।

এরপর প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, আইন-আদালতসহ বিভিন্ন জায়গায় বড় পরিবর্তনের হাত দেয় অন্তর্বর্তী সরকার। পরিবর্তনের সেই ঢেউয়ে দেশের ২৫ জেলায় প্রশাসক পদে এই রদবদল করা হল।

পুরনো খবর

২৫ জেলার ডিসি প্রত্যাহার