১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা প্রশ্নে হাই কোর্টের রুল

“বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থি্।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 11:04 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

এমপিওভুক্ত শিক্ষক বদলির নীতিমালা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না,  তা জানতে চেয়েছে হাই কোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ আদেশ দেয়।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

মনিরুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (স্কুল, কলেজ) ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

একই সঙ্গে ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি/নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে, বলেন তিনি।

এই আইনজীবী শুনানিতে বলেন, “বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থি্।”

গত ৯ জুলাই মারুফা বেগম, সুজিত চন্দ্র খাঁ, মামুন মিয়া, ফরহাদ আলম ও হাবিবুর রহমানসহ ৫০ জন এমপিওভুক্ত শিক্ষক রিটটি দায়ের করেন।