১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা-সিলেট সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রবাসীদের প্রতিশ্রুতি সড়কমন্ত্রীর

লন্ডনে বিবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 09:19 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

সব ধরনের বাধা অপসারণ করে অবিলম্বে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ করা হবে বলে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করায় এখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত। তিনি চেম্বারের নেতাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

বিবিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেম্বারের নবনির্বাচিত মহাপরিচালক মুসলেহ আহমেদ।

এ সময় বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতাব চৌধুরী ও সাইদুর রহমান রেনু, পরিচালক শফিকুল ইসলাম,  গোলাম কিবরিয়া ওয়েছ এবং বাংলাদেশে রেলওয়ে খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করা ব্রিটিশ প্রতিষ্ঠান আইএম পাওয়ার পিএলসির চেয়ারম্যান গর্ডন ডিকি উপস্থিত ছিলেন।