সংসদ নির্বাচন: নিবন্ধন পেতে ৩১৮ পর্যবেক্ষক সংস্থার আবেদন
তবে নামের তালিকা এখনও প্রকাশ করেনি ইসি।
ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নিবন্ধন পেতে ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করেছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭ জুলাই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আবেদনের শেষ সময়সীমা ছিল রোববার (১০ আগস্ট)।
ইসি কর্মকর্তা আশাদুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন পেতে ৩১৮টি প্রতিষ্ঠান আবেদন করেছে। নির্ধারিত সময়ের পর ১৩টি আবেদন এসেছে।
আবেদন করা প্রতিষ্ঠানের নামের তালিকা এখনও প্রকাশ করেনি ইসি। যাচাই-বাছাই শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনে তা উপস্থাপন করা হবে।
ইসি কর্মকর্তারা বলেন, বাছাই শেষে প্রয়োজনীয় তথ্য ঘাটতি চিহ্নিত করা হবে এবং নিবন্ধন অযোগ্যদের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।]
বাছাই শেষে সংশ্লিষ্ট সংস্থার বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে তা লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। আপত্তি থাকলে তা শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেবে কমিশন।
নিবন্ধিত সংস্থাগুলো স্থানীয় ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পাঁচ বছর সুযোগ পাবে।
নতুন ইসি গত ১৭ জুলাই দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ জারি করে। বাতিল করা হয় ২০২৩ সালের নীতিমালা। পাশাপাশি তখনকার অনুমোদন পাওয়া ৯৬টি সংস্থার নিবন্ধনও বাতিল হয়েছে।
২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি প্রতিষ্ঠান নিবন্ধন পেয়েছিল। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ১১৮টি।
