পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন পেতে আবেদন করা যাবে ১০ অগাস্ট পর্যন্ত
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নীতিমালা হওয়ায় আগের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধনের আবেদন করতে ১৫ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক রোববার বলেন, আগ্রহী সংস্থাগুলোকে ১০ অগাস্ট বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরমে (EO-1) আবেদন দাখিল করতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের আবেদন ফরম (EO-1) এবং এ বিষয়ক বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালে মোট ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালে অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর এখন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নীতিমালা হওয়ায় আগের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে জানিয়ে আশাদুল হক বলেন, “এখন ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হল।”
পনের বছর আগে নবম সংসদ নির্বাচনের সময় প্রথমবারের মত পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের নিয়ম চালু হয়। তখন নিবন্ধনের মেয়াদ থাকত এক বছর। পরে তা পাঁচ বছর করা হয়।
আরও পড়ুনঃ
