Published : 10 Sep 2026, 08:03 PM
ঢাকার দোলাইরপাড় থেকে সাত বছরের এক শিশুকে অপহরণের মামলায় গ্রেপ্তার গৃহশিক্ষক মো. জোবায়ের আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার এসআই সৈয়দ সালাহউদ্দিন আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
জোবায়েরকে বুধবার রাতে নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শ্যামপুর থানা পুলিশ।
মামলার বিবরণে বলা হয়, দোলাইরপাড় এলাকায় বাসায় গিয়ে শিশুটিকে আরবি পড়াতেন জোবায়ের। গত ৭ সেপ্টেম্বর বিকালে শিশুটি খেলতে বের হলে কৌশলে তাকে নিয়ে যান। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিসিটিভি ভিডিওতে জোবায়েরের সঙ্গে শিশুটিকে যেতে দেখেন তারা। এরপর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান তারা।
এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন সন্ধ্যায় জোবায়ের শিশুটির বাবার নম্বরে ফোন করে বলেন, শিশুটি তার হেফাজতে আছে। তাকে মুক্ত করতে ৪ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ‘ক্ষতি করার’ হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন জোবায়ের।
পরে জোবায়ের শিশুটিকে শনির আখড়া আরএস টাওয়ারের সামনে রেখে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় শিশুটির বাবা শ্যামপুর থানায় মামলা করেন।