সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর
সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ।
সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন— সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর।
তিনি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের স্থলাভিষিক্ত হলেন।
সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে মাহফুজ আনামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয় বলে পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুই বছর মেয়াদি নতুন কমিটিতে সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ও সহকারী সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হয়েছেন মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক ও ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
সম্পাদক পরিষদ বলেছে, নবনির্বাচিত সভাপতি নূরুল কবীর ভবিষ্যতে সম্পাদক পরিষদকে আরও সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।
মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্বে সম্পাদক পরিষদ আরও দৃঢ়ভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মাহফুজ আনাম।
এডিটোরিয়াল ইনস্টিটিউটকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং প্রভাবমুক্ত থেকে সম্পাদকরা দেশের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
