Published : 23 Jul 2026, 04:17 PM
পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রত্যাশী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার বিকালে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান।
এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদের সংখ্যা ৬৫০টি।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, শিক্ষায় ১৮৫ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।
গতবছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন। ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা চলে।
এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে কমিশন। আগামী ১০ অগাস্ট এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের সূচি নির্ধারণ করা আছে পিএসসির ক্যালেন্ডারে।