Published : 28 Aug 2026, 01:49 PM
রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহ আলী রয়েল সিটি পকেট গেইট সংলগ্ন একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার সকালে সুমনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
থানা-পুলিশের বরাতে তিনি বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আসে।
“পরে শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
উপকমিশনার নিয়াজ মেহেদী আরও বলেন, শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা বলে।
“শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।”
এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযানে নেমে সুমনকে গ্রেপ্তার করে।
সুমনে বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।