১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মতিঝিলে হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর সময় ২ তরুণ গ্রেপ্তার

পোস্টার লাগানোর সময় দুজনকে হাতেনাতে ধরা হয়, অন্যরা পালিয়ে যায়, বলছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 12:30 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ঢাকার মতিঝিলে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মতিঝিলের সিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওই দুজন হলেন- আমজাদ হোসেন বুখারী (২২) ও মাহদী হাসান (২২)।

পুলিশ বলছে, মেট্রোরেলের ৬১৭ নম্বর পিলারের গায়ে আমজাদ ও মাহদীসহ সাত-আটজন ‘হিযবুত তাহরীর, উলাইয়াহ বাংলাদেশ’ এর পোস্টার লাগাচ্ছিলেন। সেসময় দুজনকে হাতেনাতে ধরা হয়। অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে কিছু পোস্টার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে ‘জন নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায়’ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চাপে থাকা হিযবুতের কার্যক্রম ধীরে ধীরে মিইয়ে আসে। দীর্ঘ বছর তাদের পোস্টার লাগানো ছাড়া প্রকাশ্যে তেমন তৎপরতা ছিল না। তবে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই ঢাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

এরপর আরও নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি। গত ৭ মার্চ ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে জুমার নামাজের পর পুলিশের বাধা উপেক্ষা করে বিরাট মিছিল বের করে হিযবুতের নেতাকর্মীরা। এরপর সমালোচনার মুখে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে হিযবুতের কার্যক্রম তাতে থেমে নেই। ঢাকার দেওয়ালে দেওয়ালে কয়েকদিন পরপরই তাদের নতুন পোস্টার দেখছে নগরবাসী।