Published : 26 Jun 2025, 10:29 PM
২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১৩ মাস পর ২১ নন-ক্যাডারকে বিধি লঙ্ঘন করে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার অভিযোগ অনুসন্ধান করে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, চূড়ান্ত ফল প্রকাশ ও গেজেটের প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।
“এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৫ জন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারি ক্যাডার চারজন, ইকোনমিক ক্যাডারে দুজন, পরিবার পরিকল্পনায় দুজন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুজন, কর ক্যাডার তিনজন ও সাধারণ শিক্ষা ক্যাডারে একজন রয়েছেন।''
দুদক সূত্রে জানা গেছে, ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের ১৩ মাস পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে উত্তীর্ণ একদল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে। প্রশাসনিক ও আইনি দিক থেকে এ সিদ্ধান্তকে নিয়মবহির্ভূত ও বিতর্কিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০০৮ সালে। ২০১১ সালের মার্চে প্রকাশিত হয় চূড়ান্ত ফল।