মগবাজারে সেই ছিনতাইয়ের মামলায় ৪ জন রিমান্ডে
এক মিনিটের মধ্যে ব্যাগ ও টাকাপয়সা ছিনিয়ে নেয় চাপাতি হাতে বাইকে আসা তিনজন, যার ভিডিও ছড়িয়েছে ফেইসবুকে।
ঢাকার মগবাজারে এক তরুণের কাছ থেকে টাকা ও ব্যাগপত্র ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মামলা তদন্ত কর্মকর্তার আবেদনে শুনানি নিয়ে শুক্রবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।
ওই চারজন হলেন- মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন। এর মধ্যে মকবুল ছিনতাইয়ের মালামালের ক্রেতা। অপর তিনজন সরাসরি ছিনতাইয়ে অংশ নেন।
আদালতে তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেছিলে তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ইব্রাহীম খলিল। সোহেল, জীবন ও হৃদয়ের পক্ষে তাদের আইনজীবী সেন্টু আলম খান জামিন আবেদন করেন। মকবুলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে হাতিরঝিল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম তথ্য দেন।
ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে। ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে অভিযানে নামে পুলিশ।
এরপর বৃহস্পতিবার সোহেলকে কেরানীগঞ্জ ও অপর তিন আসামিকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক তরুণ একটি ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছিলেন। সেসময় বাইকে আসা তিনজন তার পথ আটকায়।
দুজন দুটি চাপাতি নিয়ে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদের। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে।
এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে দেখা গেলে চাপাতি হাতে দুইজন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। এরমধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়।
মাত্র এক মিনিটের মধ্যে ভুক্তভোগীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া তিনজন হেলমেট পরা থাকায় ভিডিওতে কারো চেহারা দেখা যায়নি।
