২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হজের রোডম্যাপ: নিবন্ধন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

আগামী ৮ নভেম্বর সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজচুক্তি স্বাক্ষরিত হবে।

হজের রোডম্যাপ: নিবন্ধন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
গত ২৯ মে জেদ্দায় এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের হাতে হজের রোডম্যাপ হস্তান্তর করেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 03:37 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে, যার আওতায় চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম।

রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, আগামী ৮ নভেম্বর সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজচুক্তি স্বাক্ষরিত হবে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন  আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে  এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ্ব) হজ হবে।

হজের জন্য সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্লাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে এ বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় বলছে, নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) নিতে চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং তা শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।

হজযাত্রীদের ডেটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ অগাস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারি মধ্যে।

আর হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই হতে ৮ নভেম্বরের মধ্যে।

ঘোষিত এ রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেছে মন্ত্রণালয়।