২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পৌর ভোটে ‘অনিয়ম নেই’: সিইসি

সিইসি বলেছেন, সিসিটিভির কারণে এবারের ভোটে তিনি ‘পরিপূর্ণ শৃঙ্খলা’ দেখতে পাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 03:25 PM

Updated : 02 Nov 2022, 03:25 PM

দেশের চার পৌরসভার ভোট সিসিটিভিতে পর্যবেক্ষণ করে কোনো ‘অনিয়ম দেখেননি’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, সিসিটিভির কারণে এবারের ভোটে তিনি ‘পরিপূর্ণ শৃঙ্খলা’ দেখতে পাচ্ছেন।

বুধবার সকাল ৮টা থেকে চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। গত কয়েকটি নির্বাচনের মত এবারও ঢাকা থেকে সিসি ক্যামেরায় নজর রাখছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা সকাল থেকেই নির্বাচন কমিশনের পঞ্চম তলার নিয়ন্ত্রণ কক্ষে বসে ভোটের পরিস্থিতি দেখছিলেন। এর মধ্যে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

তিনি বলেন, “আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়ে নাই। সুশৃঙ্খলভাবে ভোটারদেরকে ভোটকেন্দ্রের বাইরে এবং ভিতরে অপেক্ষমাণ দেখছি। কেন্দ্রের ভিতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি।”

পুরানো খবর:

ভোট চলছে ৪ পৌরসভায়, সিসিটিভিতে নজর ইসির

পুরানো খবর:

জাকিয়া শিল্পেই থাকছেন, তথ্যে যাচ্ছেন হুমায়ুন কবীর

পুরানো খবর:

গাইবান্ধা উপ নির্বাচন: তদন্ত প্রতিবেদন ইসিতে, রোববার পর্যালোচনা

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাবিবুল আউয়াল বলেন, গাইবান্ধা-৫ উপ নির্বাচনে অনিয়মের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে কী এসেছে, সে বিষয়ে ‘যথাসময়ে’ গণমাধ্যমকে জানানো হবে।

“আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হইনি এবং আমরা বসতে পারিনি। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় পুরো আসনের এক তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।

এরপর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অনিয়মে সম্পৃক্তদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। সেই কমিটি গত ২৭ অক্টোবর তাদের প্রতিবেদন জমা দেয়।

এদিকে নতুন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বুধবারই তার দায়িত্বে যোগ দিয়েছেন।

জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে ইসি সচিব করেছে সরকার। আগে এ দায়িত্ব সামলে আসা হুমায়ুন কবীর খোন্দকারকে পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে।