১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংবাদমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ সোমবার, পরের দিন বিশেষজ্ঞদের সঙ্গে

সংলাপ চলবে এক থেকে দেড় মাস। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে ইসির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 12:49 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার সংবাদমাধ্যমের সম্পাদক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞের মতামত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। 

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

ইসি বলছে, সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টেলিভিশন চ্যালেন এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে। 

পরের দিন নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি। 

গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে ইসি। এ ধারাবাহিকতায় পূজার ছুটির পরে আবার বসছে কমিশন। 

সংলাপে আমন্ত্রিতদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যশা। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে চান। ইসি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।

“সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন ও বিধি সময়ের সঙ্গে সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে এবং হচ্ছে। নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল। তারপরও জাতীয় নির্বাচনের মত বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পযবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধাসহ সবার মতামত ও পরামর্শ প্রয়োজন।”

এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে।

রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হওয়ার কথা। 

নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ শুরু

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি 'অনেক এগিয়ে নিয়েছি': সিইসি

ইসির সংলাপে 'মব ভায়োলেন্স' নিয়ে সতর্ক করলেন নাগরিকরা