Published : 16 Mar 2026, 04:22 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান হত্যা মামলায় তার স্বামী ফাহিম আল হাসানের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য ২৪ মার্চ দিন ঠিক করা হয়েছে।
সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়েশা সিদ্দিকা এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ।
আসামি ফাহিম ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রোববার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর রোববার রাত আড়াইটার দিকে আশুলিয়ার ইসলামনগর এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শহিদুজ্জামান তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে বিশ্বজিৎ দেবনাথ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। ফাহিমের পক্ষে তার আইনজীবী সৈয়দ জাহিদুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানিকালে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হননি। এজন্য আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে ২৪ মার্চ রিমান্ড শুনানির দিন রেখেছেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৪ জুন তারা পরিবারের অগোচরে বিয়ে করার পর থেকে আশুলিয়ার ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকছিলেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল।
এর মধ্যে ১৫ মার্চ বেলা ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে কোনো এক সময়ে ফাহিম সহযোগীদের নিয়ে শারমিনের কপালে ও মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।