Published : 27 Aug 2026, 06:26 PM
হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি মো. হাবিবুল গনি এখন থেকে আপিল বিভাগে বিচারিক দায়িত্ব পালন করবেন।
তাকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো পাঁচজন।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
বিচারপতি হাবিবুল গনি আগামী রোববার প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নেবেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেদিন সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান হবে।
বিচারপতি হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৮৯ সালের ৩ এপ্রিল তিনি জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
পরে ২০১০ সালের ১৮ এপ্রিল হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান হাবিবুল গনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে তিনি স্থায়ী হন।