১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ড্রেনে কাজ করছিলেন ওয়াসা কর্মী, মাথা তুলতেই গাড়ির চাকায় পিষ্ট

তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 12:28 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ঢাকার মিরপুরে ড্রেনে কাজ করার সময় গাড়ি চাপায় ঢাকা ওয়াসার এক কর্মীর প্রাণ ঝরেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪৭ বছর বয়সি শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। প্রায় ২৫ বছর ধরে তিনি ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওয়াসার ওই কর্মী ড্রেনে ঢুকে কাজ করছিলেন। 

“একপর্যায়ে তিনি মাথা তুললে একটি গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি বলেন, শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা সাইফুল।