ভারতীয় গণমাধ্যমের ওপর নির্ভর না, ঢাকার ঘোষণার অপেক্ষা করুন, প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রতিমন্ত্রী
“বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী যাবেন, আমি আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করব; আপনারা প্রথম শুনবেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে ভারত সফরে যাচ্ছেন কি না, তা জানতে দেশটির গণমাধ্যমের উপর নির্ভর না করে ঢাকার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ওই সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে খবরের প্রসঙ্গ টেনে এক প্রশ্নে সোমবার তিনি বলেন, “এখন দিল্লি থেকে যদি বাংলাদেশের খবর নেন, তাহলে হবে? বাংলাদেশ থেকে তো বাংলাদেশের খবর নিতে হবে।
“বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী যাবেন, আমি আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করব; আপনারা প্রথম শুনবেন।”
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনক্লেভের একটি সেশনে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী।
এ সময় আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন কিনা সাংবাদিকদের প্রশ্নে হেসে রহস্যের মধ্যে রাখেন প্রতিমন্ত্রী হুমায়ুন। পরে ভারতীয় গণমাধ্যমে খবরের কথা বললে ঢাকার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষার প্রসঙ্গ আসে।
দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনার প্রসঙ্গ টেনে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “এই যে আলাপ আলোচনা, এই যে এখানে বক্তব্য দিলাম, কূটনীতির মাধ্যমে আপনার কথাবার্তা বলতে হবে, কূটনৈতিক যোগাযোগ থাকতে হবে, তো আলাপ-আলোচনা চলছে।
“কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো সমাধানে আমরা ইতিবাচকভাবে যেতে পারব, যেহেতু সংলাপ ও যোগাযোগ সেখানে আছে। আসুন চেষ্টা চালাই। আমি নিশ্চিত, আমরা একটা ফল পাব।”
শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শীর্ষ পর্যায়ের সংলাপ তখনই হবে, যখন সফর হবে। এর আগে তো অনুকূল পরিবেশ তৈরি করতে হবে কর্মকর্তা পর্যায়ের সংলাপের মাধ্যমে।”
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরে নতুন চুক্তির সহায়ক পরিবেশের দিকে কতটা এগোন গেছে প্রশ্নে হুমায়ুন কবির বলেন, “সংলাপ করতে হবে। ওটা তো কালকে, দিনক্ষণ তারিখ দিয়ে হবে না।”
গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ থাকবে কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “যেটা বাংলাদেশের জন্য ভালো, ওইটাই হবে। বাংলাদেশের স্বার্থের জন্য ভালো, সেটাতে আমরা যাব।”
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে যাওয়ার কথা তুলে ধরে আরেক প্রশ্নে তিনি বলেন, “তুরস্কে যাচ্ছি। কপ৩১-এ যাওয়ার উচ্চ সম্ভাবনা আছে। যেহেতু জলবায়ু বিষয়ক গুরুত্ব আমাদের প্রধান বিষয়, তাই সেখানে যাওয়ার সম্ভাবনা আছে।”
