Published : 27 Nov 2025, 06:51 PM
সৌদি আরবসহ সাত দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সচল করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ বিষয়টি তুলে ধরেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।
তিনি বলেন, “আমরা কাজ করছি কালকে (শুক্রবার) সকালের মধ্যে উন্মুক্ত করে দেওয়ার জন্য। যাতে শুক্রবারে ছুটির দিন, প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি যাতে যত শিগগিরই সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালু করা যায়।”
বুধবার মধ্যরাত থেকে বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন অ্যাপ একসঙ্গে উন্মুক্ত করা হয়।
পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না বলে সতর্ক করে দেয় ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।
এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে যেকোনো দেশ থেকে নিবন্ধন সারা যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নিবন্ধনের সার্বিক অগ্রগতিতে সন্তেষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, প্রবাসীদের ভোটারদের অন্তর্ভুক্তির বিষয়ে তাদের উচ্চাশা ছিল, এখনও তাই আছে।
তার মতে, নতুন পদ্ধতি চালু হলে ছোটোখাটো সমস্যা হবে। এ নিয়ে প্রচার-প্রচারণাও চলছে।
সচিব বলেন, “আমরা অগ্রসর হব, সমস্যা হবে; সমস্যাটাকে সমাধান করবো, এইভাবে আমাদেরকে আগাতে হবে। …ইতোমধ্যে অর্ধলক্ষাধিক নিবন্ধন করেছে। সন্তোষজনক তো বটেই। সার্বিক বিষয় তদারক করে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”
আগের খবর: