Published : 27 Nov 2025, 01:51 PM
প্রবাসী ভোটাররা অনলাইনে নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।
তিনি বলেছেন, “পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
“সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।”
প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।
এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে যেকোনো দেশ থেকে নিবন্ধন সারা যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ৫৩ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ৪৫ হাজারই পুরুষ। আর একক দেশ হিসেবে সর্বোচ্চ পৌনে ১১ হাজার নিবন্ধন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১১,৪৭৫ জন নিবন্ধনকারীর বাড়ি ঢাকায়। কুমিল্লার নিবন্ধনকারী ৩,৮৩২ জন, নোয়াখালীর ৩,৫৪৬ জন এবং চট্টগ্রামের ৩,৪৪৫ জন নিবন্ধনকারী রয়েছে। তবে কম-বেশি দেশের ৬৪ জেলার প্রবাসীরাই নিবন্ধনে সাড়া দিয়েছেন।
পোস্টাল ভোটিং: বৃহস্পতিবার থেকে সব দেশেই প্রবাসীদের নিবন্ধন
আসনওয়ারি হিসাবে সবচেয়ে বেশি ১২১৭ জন নিবন্ধনকারীর নির্বাচনি এলাকা নোয়াখালী-১। এরপরে রয়েছে ঢাকা-১৮ আসন, সেখানকার ১১৪৭ জন ইতোমধ্যে নিবন্ধন সেরেছেন। সিলেট-১ আসনে ১১২৩ জন, ঢাকা-১০ আসনে ৯৯৮ জন, ঢাকা-৮ আসনে ৯৮০ জন এবং ঢাকা-১৩ আসনের ৯৭২ জন নিবন্ধন করেছেন।