Published : 26 Nov 2025, 07:27 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এখন বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে অর্থাৎ বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে সব দেশের প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।
বুধবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “২৭ নভেম্বর ১২:০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।”
তার আগে ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
পরের দিন থেকে নিবন্ধন শুরু হয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অঞ্চলের ৪০ হাজার ৫১২ জন নিবন্ধনও করেছেন।
পাঁচ দিন ধরে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হলে মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হয়।
ইসির এমন সিদ্ধান্তের ফলে অঞ্চলভিত্তিক ভাগ না করে প্রায় ১৫০ দেশে একসঙ্গে নিবন্ধনের সুযোগ পেলেন প্রবাসী বাংলাদেশিরা।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এখন থেকে প্রবাসী ভোটাররা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাদের সুবিধামত সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।”
তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে। ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি—এমন সমস্যা রয়েছে। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশোধনের চেষ্টা করা হবে।
“টেকনিক্যাল সহকর্মীরা এই সমস্যাগুলো অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সমাধান করবেন।”
মক ভোটিং ও প্রস্তুতির অগ্রগতি
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘মক ভোটিং’ (ভোটের মহড়া) এর আয়োজন করছে নির্বাচন কমিশন।

ইসি সচিব বলেন, “আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করবো। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র সংখ্যা সমন্বয় এবং ভোটকক্ষ বা জনবল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে এক সঙ্গে আয়োজন করতে মঙ্গলবার অধ্যাদেশ জারি হয়েছে।
আখতার আহমেদ বলেন, “গণভোটের দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।”
ইসির সঙ্গে ‘টিকটক’ প্রতিনিধিদের বৈঠক
প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের সঙ্গে বৈঠক করেন সামাজিক মাধ্যম ‘টিকটক’ এর একটি প্রতিনিধি দল।
শর্ট ভিডিওর জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির সাউথ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠক শেষে ফেরদৌস সাংবাদিকদের বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে টিকটক প্ল্যাটফর্ম যেন কোনোভাবেই নির্বাচন-সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য, ‘মিসইনফরমেশন’ বা ‘ম্যানিপুলেশনের’ জন্য ব্যবহার না হয়।
“এ বিষয়ে আমাদের অবস্থান, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি।”
তিনি বলেন, টিকটক এর নিজস্ব বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেগুলো সারা বছরই ‘মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ইমপারসনেশন’সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর ‘কনটেন্ট’ ঠেকাতে কাজ করে।
“নির্বাচনের সময় আমরা অতিরিক্ত নজর দিই, যাতে সমন্বিতভাবে কোনো পক্ষ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা না করতে পারে।…আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন, মিডিয়া এবং প্ল্যাটফর্ম—সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে আগামী নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ সুস্থ, নিরাপদ ও নির্ভরযোগ্য থাকে।”
আগের খবর:
পোস্টাল ভোটিং: অ্যাপে নিবন্ধনের সময় বাড়াতে বিএনপির অনুরোধ
পোস্টাল ভোটিং: অ্যাপে যেভাবে নিবন্ধন করবেন প্রবাসীরা
পোস্টাল ভোটিং অ্যাপ: প্রবাসী ছাড়াও দেশে কারা-কীভাবে ভোট দেবেন