১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যায় হৃদয় রিমান্ডে

রোববার সকালে ধানমন্ডি এলাকা হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 09:01 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ঢাকার তেজগাঁও কলেজের ছাত্রাবাসে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যার মামলায় গ্রেপ্তার মো. শামীম আহমেদ হৃদয়কে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।  

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি নিয়ে রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন এদিন হৃদয়কে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ থেকে আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকা হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার বিবরণে বলা হয়, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ‘মাদক সেবন ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে’ দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় তিনজন গুরুতর আহত হন। 

তাদের মধ্যে সাকিবুল হাসান রানা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর মারা যান। 

ওই ঘটনায় প্রথমে শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টা মামলা হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।