১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন ইউটিউবার ইলিয়াস

মামলায় এদিন সাক্ষ্য নেওয়ার দিন নির্ধারণ করা ছিল। তবে কোনো সাক্ষী আসেননি।

বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন ইউটিউবার ইলিয়াস
ইলিয়াস হোসাইন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

মিতু হত্যা মামলায় ’মিথ্যা ও অসত্য তথ্য’ সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার মজুমদারের মামলা থেকে খালাস পেয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, মামলায় এদিন সাক্ষ্য নেওয়ার দিন নির্ধারণ করা ছিল। তবে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। পরে আদালত সাক্ষ্য নেওয়া সমাপ্ত করে রায় ঘোষণা করেন।

পিবিআই প্রধান থাকার সময় বনজ কুমারের পক্ষে ধানমন্ডি থানায় ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।

পরে ২০২৩ সালের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইলিয়াসসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অপর তিন আসামি হলেন- নিহত মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তার, তার পিতা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই মো. হাবিবুর রহমান লাবু।

তিন মাস পর ২০২৩ সালের ২৫ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক জুলফিকার হায়াত অভিযোগপত্র আমলে নিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার ও তার পিতাকে মামলা থেকে অব্যাহতি দেন। অপরদিকে ইলিয়াস ও বাবুলের ভাই লাবুর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন।

এরপর ২০২৪ সালের ১৮ জানুয়ারি লাবুকে অব্যাহতি দেওয়া হয় এবং প্রবাসী ইউটিউবার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

আরও পড়ুন

পিবিআই প্রধানের মামলায় ইলিয়াসের বিচার শুরুর আদেশ

বাবুল-ইলিয়াসদের বিরুদ্ধে বনজের মামলা বিচারের জন্য প্রস্তুত