৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেপ্তার দেখানো হল

আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়েছে, “বাড্ডার ওই সহিংসতার ঘটনায় নাসিমুল আলম চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশ ও জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2026, 02:06 PM

Updated : 30 Sep 2026, 02:06 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মেরুল বাড্ডা এলাকায় এসএম আব্দুর রব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরীকে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম বুধবার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. রাশেদুল ইসলাম গত ২৪ নভেম্বর তাকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে হারুন-অর-রশীদ তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

বিচারক নাসিমুল আলমের কাছে জানতে চান, আইনজীবী আছে কি না? তিনি বলেন, তার কোনো আইনজীবী নেই।

পরে আদালত নাসিমুল আলম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, “ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উচ্চপর্যায়ের নির্দেশনায় দেশজুড়ে হামলা চালানো হয়েছিল। বাড্ডার ওই সহিংসতার ঘটনায় নাসিমুল আলম চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশ ও জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।”

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ জুলাই দুপুর আড়াইটার দিকে মেরুল বাড্ডা এলাকায় আন্দোলন করছিলেন এক দল মানুষ। এ সময় আন্দোলনকারীদের উপর ককটেল, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা চালানো হয়। ডান পায়ে গুলি লাগে আব্দুর রবের। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৫ সালের জুন মাসে মামলা করেন তিনি।