Published : 16 Mar 2026, 10:47 AM
সাহাপাড়া খাল পুনঃখননে দিনাজপুরের কাহারোল উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অনুষ্ঠেয় সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা আছে, “‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন সাহাপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনে সমাবেশ।”

প্রধানমন্ত্রী সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেই মঞ্চে এসে এলাকাবাসীর উদ্দেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ৮টা থেকে বলরামপুরের অনুষ্ঠানস্থলে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে শুরু করে। রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রামবাসী বিশেষ করে নারীরা একনজর তারেক রহমানকে দেখতে উপস্থিত হয়েছেন।

পানি সম্পদ মন্ত্রণালয় ও বিএনপির যৌথ আয়োজনে এই সমাবেশ হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসেই প্রথমে সা্হাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। এরপর খালের পাশে মঞ্চে উঠে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন।”

সমাবেশ উপলক্ষে রামচন্দ্রপুর ইউনিয়নজুড়ে নিশ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সকালে থেকেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর সরকারপ্রধান সড়ক পথে কাহারোলের উদ্দেশে রওনা হয়েছেন।