২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রশক্তি

অবরোধে শাহবাগ ও আশাপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধকারী জাতীয় ছাত্রশক্তি তিন ঘণ্টা বাদে সড়ক ছেড়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় কর্মসূচি শেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বেলা সাড়ে ১২টায় তারা সড়ক অবরোধ করেছিলেন। তাতে শাহবাগ ও আশাপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

অবরোধে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট  অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে আয়োজিত ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অবরোধের সমাপন টানেন ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান। 

তিনি বলেন, “আমরা আজকের মত ইনকিলাব মঞ্চের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। 

“তবে আগামীকাল ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে আমাদের কোনো কর্মসূচি স্থগিত রাখছি। আগামী পরশু পরিস্থিতি লক্ষ্য করে আমাদের কর্মসূচি কী হবে জানিয়ে দেব।”

ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করছেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির পর থেকেই তার নিরাপত্তা দিতে 'সরকারের ব্যার্থ' বলে অভিযোগ করে আসছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আসা বিভিন্ন পক্ষ।

তারা বিভিন্ন সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়ে আসছিলেন। হাদিকে গুলি করা প্রধান অভিযুক্তের দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সড়কে নেমেছে ছাত্রশক্তি।