১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে শিশুর লাশ: ‘গলায় দাগ, পায়ুপথে রক্ত’

“আমাদের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে,” বলে ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রতিবেশীর বাড়ির ছাদে থেকে রোববার সকালে যে ছেলে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের পর জানাচ্ছে পুলিশ।

ছয় বছরের শিশুটি শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল। 

প্রতিবেশী ইদ্রিস মিয়া এদিন সকালে তার নতুন বাড়ির ছাদে পানি দিতে উঠলে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন।

এ তথ্য পেয়ে ঘটনাস্থলে আসে রায়পুরা থানার পুলিশ। ঢাকা থেকে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআেইডি) ক্রাইম সিন ইউনিটও। 

ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য ও আলামত সংগ্রহের পর ক্রাইম সিন ইউনিটের তরফ থেকে বলা হয়েছে, “শিশুটিকে অপহরণ ও কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে শিশুটির গলায় ও থুতনির নিচে কালো দাগ এবং পায়ুপথে রক্তাক্ত দাগ দেখতে পাওয়া যায়।”

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলছেন, “সুরতহাল প্রতিবেদনে আমরাও তার শরীরে আঘাতের এমন কিছু চিহ্ন পেয়েছি। তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, পরিবারের লোকজন এলেই মামলা হবে।”

কীভাবে তাকে হত্যা করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, “আমাদের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।” 

তার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে, বলেন তিনি।