Published : 30 Mar 2026, 01:53 PM
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজকে শেষ বিদায় জানানো হলো ফুলেল শ্রদ্ধায়।
সোমবার বেলা ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত সংসদের দক্ষিণ প্লাজায় তার মরদেহ রাখা হয়।
কালো কাপড়ে মোড়ানো কফিনে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের তরফে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপ্রধানের কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানান।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও ডেপুটি স্পিকার কায়সার কামাল আলাদাভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধান হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে শ্রদ্ধা জানান হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, রুহুল কুদ্দস তালুকদার দুলু, আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সচিব কানিজ মওলার নেতৃত্বে সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও প্রয়াতের কফিনে ফুল দেন।
এছাড়া সরকারি দল বিএনপির তরফে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সহধর্মিণীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চান।

পরে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যরা।
সংসদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের কফিন নিয়ে যাওয়া হয়েছে সেনানিবাসে কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা শেষে দিলারা হাফিজকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিলারা হাফিজ মারা যান; তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরদিন তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
অধ্যাপক দিলারা হাফিজের কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দি কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
এছাড়া অধ্যাপক দিলারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।