১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারি বৃষ্টির আভাস, জলাবদ্ধতার ঝুঁকি ঢাকা ও চট্টগ্রামে

“কালকে বৃষ্টি হবে; পরের দিন থেকে তীব্রতা বাড়বে। ২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

আষাঢ়ের প্রথম দিন রোববার থেকে সারা দেশে টানা বৃষ্টি হতে পারে, এর মধ্যে ‘ভারি থেকে অতি ভারি’ বৃষ্টি থাকতে পারে তিন দিন।

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে এমন আভাস দেওয়া হয়।

অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, “দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।”

অতিরিক্ত বৃষ্টির প্রভাবে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়, “অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজারের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। 

“সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।”

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ও ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বলে। 

আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে অতি ভারি বলা হয়। 

এদিন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালকে বৃষ্টি হবে, পরের দিন থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। ২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে।”

আবহাওয়ার নিরিখে জুন থেকে সেপ্টেম্বর— এই চার মাস বর্ষা মৌসুম হলেও বাংলা বর্ষপঞ্জি অনুসারে আষাঢ়-শ্রাবণকে বর্ষা ঋতু বলা হয়।

দেশের জুন মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার, জুলাইয়ে ৫২৩ মিলিমিটার, অগাস্টে ৪২০ দশমিক ৪ মিলিমিটার এবং সেপ্টেম্বরে ৩১৮ দশমিক ২ মিলিমিটার।